এশিয়া কাপের প্রথম ম্যাচ
আজ রাতে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
এশিয়া কাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাতে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে খেলতে নামছে লিটন দাসের দল। তবে জয় নিশ্চিত করতে তাদের দুইটি ‘জুজু’ অতিক্রম করতে হবে: প্রথমত হংকং এবং দ্বিতীয়ত আবুধাবির মাঠ।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে দুর্বল এই দলটির কাছে ২ উইকেটে হেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল টাইগাররা। সেই হারের প্রায় ১১ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। যদিও সম্প্রতি বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতে দারুণ ছন্দে আছে, তাই এই ম্যাচে তারাই ফেভারিট।
শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ২০২১ সালে এই মাঠে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছিল। ফলে এই মাঠে এখনো কোনো জয় নেই বাংলাদেশের। তাই হংকংকে হারানোর পাশাপাশি এই মাঠে প্রথম জয় ছিনিয়ে আনাটাও বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
এশিয়া কাপের আগে টানা তিন সিরিজ জয় দলকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, “আমরা টানা তিনটি সিরিজ জিতেছি এবং এটি অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমরা এখনো শিরোপার স্বাদ পাইনি। তবে সেটা একটা ইতিহাস। আর ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়।”
‘বি’ গ্রুপে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই চারটি দল রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায়, পরবর্তীতে রান রেট ভালো রাখার জন্য বড় ব্যবধানে জয়ের চেষ্টা করবে তারা।
তাহির আহমদ
মন্তব্য করুন: