মাধবপুরে শিশু উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪
Led Bottom Ad

মাধবপুরে শিশু উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৫/১০/২০২৫ ২২:০২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদালতের নির্দেশে শিশু উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহবিচ্ছেদের পর সন্তান অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। সন্তানের অভিভাবকত্ব পাওয়ার জন্য দিপ্তী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল বলেন, “আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে এসআই মিজানুর রহমান বলেন, “আদালতের নির্দেশ পালন করতে গিয়ে আমাদের ওপর বেআইনিভাবে হামলা করা হয়েছে।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্যা জানান, ঘটনাস্থল থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় গাজীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শ্যামল মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার জাতি কর্ণপাড়া গ্রামের মজিবুর রহমান (বর্তমানে গাজীপুরে বসবাসরত)কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, “আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad