তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন: ৫১ জনের নামে মামলা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) নদীর ইজারাদারের পক্ষে মোশারফ হোসেন আরিফ তালুকদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী–১ ইজারাকৃত এলাকায় গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযুক্তরা ব্ল্যাকহেড, স্টিল ও বারকি নৌকার মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে। নিষেধ সত্ত্বেও তারা নদীর পাড় কেটে বালু তোলার কাজ অব্যাহত রাখে। এতে নদীর তীর ভেঙে ভৌগোলিক কাঠামো ও পরিবেশের ক্ষতি হচ্ছে; একই সঙ্গে মৎস্য ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি হয়েছে।
ইজারাদার পক্ষ জানায়, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে এজাহার দায়ের করা হয়েছে। মামলায় লাউড়েরগড়, পুরান লাউড়েরগড়, ছড়ারপাড়, শাহিদাবাদ, শিমুলতলা, ঘাগটিয়া, ঢালারপাড় ও মিয়াচর গ্রামের ৫১ জনকে নামীয় আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আলহাজ মিয়া, শাহজাহান মিয়া, হেনাজ মিয়া, আলমগীর মিয়া, নোরাঙ্গীর আলম, শাহাদুল আলম, নারজুল হোসেন, পারভেজ, শাহিন মিয়া, এহিবুল ইসলাম, সুর আলম, কবির মিয়া, নজির হোসেন, শফিকুল মিয়া, রুস্তম মিয়া, আ. মন্নান, মো. আলী, আব্দুল কাইয়ুম (খেলু মাস্টার), হুমায়ুন মিয়া, খাজা মইনুদ্দিনসহ আরও অনেকে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’
স্থানীয় পরিবেশ ও নদী সংরক্ষণকর্মীরা বলছেন, এভাবে পাড় কেটে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীরবর্তী জনপদ হুমকির মুখে পড়বে। এতে হাওরাঞ্চলের পরিবেশব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর বিভিন্ন পয়েন্টে চলছে এই অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের দাবি, অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ রহমান
মন্তব্য করুন: