যাদুকাটা নদীর পাড় রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি
Led Bottom Ad

সংবাদ সম্মেলনে ইজারাদার

যাদুকাটা নদীর পাড় রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/১০/২০২৫ ১৬:৩৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বৃহৎ যাদুকাটা–১ ও যাদুকাটা–২ বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার নাছির মিয়া। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


লিখিত বক্তব্যে নাসির মিয়া বলেন, “গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা নির্বাচিত হই। পরে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় পাঁচ মাস প্রকল্পের কার্যক্রম বন্ধ থাকে। আদালতের রায় সরকারের পক্ষে আসার পর আমরা ১০৭ কোটি টাকা রাজস্ব প্রদান করে বৈধভাবে বালু উত্তোলনের অনুমতি পাই।”


তিনি অভিযোগ করে বলেন, “অনুমতি পাওয়ার পর থেকেই প্রতিপক্ষের হুমকি, মিথ্যা মামলা ও হামলার কারণে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। একটি দুষ্কৃতকারী চক্র রাতের অন্ধকারে নদীর পাড় কেটে বালু লুট করছে এবং পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”


নাসির মিয়া আরও জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিজিবি’র সহায়তায় বর্তমানে অবৈধ বালু উত্তোলন ও পাড় কাটা বন্ধ করা হয়েছে। তারা ৪০০ থেকে ৫০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করে নদীর পাড়ে বাঁশের বেড়া দিয়েছেন, যাতে কোনো নৌকা বা ড্রেজার তীরে ভিড়তে না পারে।

“আমরা আদালতের নির্দেশ মেনে সনাতনী পদ্ধতিতে শ্রমিকের মাধ্যমে নদীর মাঝ থেকে বালু উত্তোলন করছি। সরকারের রাজস্ব দিয়ে বৈধভাবে কাজ করছি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই,” বলেন তিনি।


সংবাদ সম্মেলনে নাসির মিয়া লাউড়েরগড় বাজার সংলগ্ন স্থানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান। তিনি বলেন, “প্রশাসনের স্থায়ী উপস্থিতি নিশ্চিত হলে নদী ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে এবং অবৈধ চক্রগুলোকে রুখে দেওয়া সম্ভব হবে।”

শ্রমিকদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, বৈধ মহালের বাইরে বালু উত্তোলন করলে দায়ভার ইজারাদার নেবে না; বরং তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad