ধোপাজান–যাদুকাটাসহ নদ-নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ
সুনামগঞ্জের ধোপাজান, যাদুকাটা ও অন্যান্য নদ-নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদে সমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা অবিলম্বে অবৈধ উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মজনু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। এসময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হক মিলন ছয় দফা দাবি তুলে ধরেন।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছয় দফা দাবি:
ধোপাজান নদী থেকে ভিটবালু উত্তোলনের অনুমোদন বাতিল করতে হবে, যাদুকাটা নদীতে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে হবে, বালু-পাথর লুটপাটকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সরকারবাদী মামলা দায়ের ও দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে, খাসিয়ামারা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং জেলার সব খনিজ সম্পদ অঞ্চলে টাস্কফোর্স গঠন করে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, “অবৈধ উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে যাচ্ছে, হুমকির মুখে পড়েছে পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকা।” তারা অবিলম্বে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, অ্যাডভোকেট আনিসুজ্জামান, ওবায়দুল মুন্সী, মিজানুল হক সরকার, সুমন পাল, মাইনুদ্দিন, কর্ণবাবু দাশ, শাহ্ মোশাহিদ আলম ফয়সল ও দবির মিয়া। এছাড়া আরও বক্তব্য দেন সদর উপজেলা আহ্বায়ক নুরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, ফারুক আহমেদ, পৌর শাখার আহ্বায়ক আফিকুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আশরাফুজ্জামান বাবলু, শফিউল আলম, শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, শাল্লা উপজেলার সদস্য সচিব আনোয়ার হোসেন, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, আবজাল হোসেন ও মান্না প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: