সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারখাল বাঁধ দখল, সরকারি গাছ কর্তন ও অবৈধ বালু-পাথর ব্যবসার অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামুন মিয়া। তিনি বিএনপি’র দোয়ারাবাজার সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মামুন মিয়া বলেন, “একটি প্রভাবশালী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
তিনি দাবি করেন, তিনি কখনো কোনো অবৈধ দখল বা বালু-পাথরের ব্যবসায় জড়িত ছিলেন না। পান্ডারখাল বাঁধে সরকারি রাস্তার কাজের জন্য অস্থায়ীভাবে কিছু বালু রাখা হয়েছিল, কিন্তু সেটিকে তাঁর সঙ্গে সম্পৃক্ত করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।
মামুন মিয়া অভিযোগ করে বলেন, “কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তাদের প্রভাবিত ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছেন। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।”
তিনি আরও বলেন, “আমি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। সম্প্রতি আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব বাড়ায় প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে মামুন মিয়া স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন যদি সত্যিকার তদন্ত করে, তাহলে প্রমাণ হবে—আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা।”
এসময় দোয়ারাবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন: