বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ বললেন রাবির এক শিক্ষক
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। রোকেয়া দিবসে দেওয়া এক পোস্টে তিনি বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দেন।
গতকাল মঙ্গলবার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টটি ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পোস্টে তিনি লেখেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’
এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মাহমুদুল বলেন, তিনি অন্য এক ব্যক্তির পোস্ট শেয়ার করে ক্যাপশনে নিজের মন্তব্য দিয়েছেন। তাঁর দাবি, ‘বেগম রোকেয়ার লেখালেখিতে ইসলামবিদ্বেষের প্রকাশ আছে বলে মনে হয়েছে।’
ঘটনার সমালোচনা করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, ‘নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা অনস্বীকার্য। তাঁকে নিয়ে এমন মন্তব্য নারীদের প্রতি অবমাননাকর।’
রাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, ‘উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান অসামান্য। তাঁর বিরুদ্ধে এমন মন্তব্য নিন্দনীয়।’
তবে রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, ‘সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। কিন্তু এ ধরনের মন্তব্য প্রকাশ্যে না করাই ভালো।’
নারী মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া আজও অনুপ্রেরণার নাম। তাঁর জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে প্রতিবছর রোকেয়া পদক প্রদান করে বাংলাদেশ সরকার।
তাহির আহমদ
মন্তব্য করুন: