জুড়ীতে মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ২
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ বোতল মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করা হয়। অভিযানের সময় একজন চোরাচালানি পালিয়ে যান।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরের রাজকী–ফুলতলা পাকা রাস্তা এলাকায় সন্দেহভাজন একটি যানবাহনে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করা হয়।
বিজিবির ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য ১৮ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য এক হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য দাঁড়ায় ১ লাখ ৬৯ হাজার টাকা।
আটক দুইজন হলেন ফুলতলা ইউনিয়নের হরিনারায়ণ যাদবের ছেলে যতন যাদব (৩৮) এবং নকুল বুনার্জির ছেলে সন্তোষ বুনার্জী (৩৩)। পালিয়ে যাওয়া ব্যক্তি হলেন রাজকী এলাকার মৃত রতন কুমারের ছেলে শ্রী প্রেম সাগর ওরফে মুন্না (৪৫)।
জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের জুড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।
ডি আর ডি
মন্তব্য করুন: