জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নিখোঁজের দুই দিন পর নারীর মরদেহ উদ্ধার
Led Bottom Ad

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নিখোঁজের দুই দিন পর নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১০/১২/২০২৫ ২১:৪০:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হাসিনা বেগমের (২৫) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হাসিনা বেগম জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী। দুই সন্তানের জননী তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে কুশিয়ারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পরিবার ও পুলিশকে অবহিত করা হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তা নিখোঁজ হাসিনা বেগমের বলে শনাক্ত করে তার পরিবার।

নিহতের বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, “৮ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় হাসিনা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ বিকেলে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পুলিশের মাধ্যমে আমরা মরদেহ শনাক্ত করি।”

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, দুই দিন নিখোঁজ থাকার পর আজ নদীতে ভেসে ওঠে হাসিনার মরদেহ। পরে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “হাসিনা বেগম নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad