ফ্রান্স প্রবাসীর সাথে সাড়ে ২৯ লাখ টাকার প্রতারণা : বড়লেখায় সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণের দাবি
ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দিনের পরিবার ভুক্তভোগী হয়ে মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সামনে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, নাজিম ও তার পরিবারের সঙ্গে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং পারিবারিক বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং হাতিয়ে নেওয়া ২৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে নাজিম উদ্দিনের বিয়ে হয় তানজিলা আক্তার ছামিয়ার সঙ্গে। এরপর তানজিলার পরিবার— শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ ও তানিসা জান্নাত ইবা—দাবি করেন যে তারা তানজিলাকে যুক্তরাজ্য পাঠানোর ব্যবস্থা করতে পারবেন, যা থেকে ফ্রান্সে নেওয়া সহজ হবে। এর জন্য পরিবারের পক্ষ থেকে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
পরিবারের অভিযোগ, ফ্রান্সে পৌঁছার পর নাজিম জানতে পারেন, তার স্ত্রী তানজিলা তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এ ঘটনায় নাজিমকে মিথ্যা অভিযোগে ফ্রান্সে ছয় মাস কারাদণ্ডও দেওয়া হয়েছে। এছাড়া, টাকা ফেরত চাইতে গেলে স্থানীয়ভাবে মারধর ও হুমকির শিকার হন।
পরিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন। তাদের হাতে ব্যাংক স্টেটমেন্ট, কাবিননামা, পাসপোর্ট, টিকিট ও দ্বিতীয় বিয়ের ছবি সহ প্রমাণাদি রয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবার প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে দ্রুত গ্রেপ্তার, নিরাপত্তা প্রদান এবং হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারের দাবি জানান।
এ রহমান
মন্তব্য করুন: