হবিগঞ্জে রেমা কালেঙ্গায় বনদস্যু-বনরক্ষীদের গোলাগুলি
হবিগঞ্জের চুনারুঘাটের রেমা কালেঙ্গার গহিন জঙ্গলে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি হয়েছে। রাত থেকে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। প্রায় ২ ঘণ্টব্যাপি থেমে থেমে গোলাগুলি হয়। খবর পেয়ে কালেঙ্গা বিওপির একদল বিজিবি সদস্য ঘটনাস্থলে যায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার গভীর রাতে কালেঙ্গার খোয়াইছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে হিমালিয়া বাজার এলাকা থেকে ২০টি বিভিন্ন প্রজাতির গাছ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকালে জেলা সহকারী বন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৫০-৬০ জনের একটি বনদস্যু দল রেমা কালেঙ্গা বনের মূল্যবান গাছ কাটতে যায়।
খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে যাওয়ামাত্রই বনদস্যুরা তাদের ওপর হামলা চালায়। তারা বন কর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে বন কর্মীরা পাল্টা গুলি ছুড়ে নিজেদের রক্ষা করে। এ সময় বন কর্মীরা ১৪ রাউন্ড গুলি ছুড়লে বনদস্যুরা ছত্রভঙ্গ হয়ে যয়।
এক পর্যায়ে বনদস্যুরা কাটা গাছ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সহায়তায় তাদের ধাওয়া করে হিমালিয়া বাজারের কাছে ২০টি গাছ রেখে পালিয়ে যায়। তিনি আরও জানান- এতে আমাদের কোনো বনরক্ষী আহত হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান- বিষয়টি আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত বন বিভাগ আমাদের কাছে কোনো অভিযোগ করেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: