সীমান্তে সন্ত্রাস ও অবৈধ পারাপার রোধে মাধবপুরে বিজিবির কড়া নজর
সীমান্তে অবৈধ পারাপার ও সন্ত্রাসীদের পলায়ন রোধে কড়া পদক্ষেপ নিয়েছে হবিগঞ্জস্থ ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল এবং অতিরিক্ত বিশেষ টহল জোরদার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেই জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
তিনি বলেন, “ঘটনার পর থেকে মাধবপুর উপজেলার বিভিন্ন বিওপি থেকে নিয়মিত টহল ও অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে যথাযথ সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিও অব্যাহত আছে।”
উল্লেখ্য, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পলায়ন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ স্থানীয়দেরও সতর্ক করেছেন, যে কোনো সন্দেহজনক তথ্য পেলে নিকটস্থ বিজিবি বিওপিকে অবিলম্বে অবহিত করার জন্য।
তাহির আহমদ
মন্তব্য করুন: