দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে হামলা, নারীসহ একই পরিবারের তিনজন আহত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. মিজানুর রহমান উজ্জ্বল (৪৭) রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বসতভিটায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো. রৌশন মিয়া, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ কয়েকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
হামলায় মো. মিজানুর রহমান উজ্জ্বল, তার স্ত্রী নাজমা বেগম ও ছেলে নাঈম হাসান নাইম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় এবং ভবিষ্যতে মামলা করলে আরও ভয়াবহ পরিণতির হুমকি প্রদান করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনায় আহত মো. মিজানুর রহমান উজ্জ্বল দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: