বিজিবির অভিযান
হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। গত রাত আনুমানিক ২টার দিকে একটি কাভার্ড ভ্যান সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে সেটি থামান।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাঠের গুঁড়া ভর্তি বস্তা দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে সব বস্তা নামিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল উদ্ধার করা হয়।
একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। এছাড়াও পৃথক অভিযানে বিজিবির বিওপি এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাক জব্দ করা হয়।
চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
জব্দকৃত চোরাচালানি পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এ রহমান
মন্তব্য করুন: