হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
হবিগঞ্জে ধানের খড় শুকানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দরিয়াপুর ও নিজামপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে দরিয়াপুর গ্রামের কিতাব আলী ও পার্শ্ববর্তী নিজামপুর গ্রামের সফিক মিয়ার মধ্যে ধানের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি বিকেলের দিকে বড় আকার ধারণ করলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: