বিজিবির অভিযান
হবিগঞ্জে ৬৮ লাখ টাকার চোরাই পণ্য ও গাড়ি জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী পৃথক দুইটি অভিযানে ভারতীয় কসমেটিকস ও জিরাসহ একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি মাছ পরিবহনকারী ট্রাক আসতে দেখলে টহলদল সংকেত দিয়ে থামায়।
ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ভেতরে মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা বোঝাই। সন্দেহ হলে সব বস্তা নামিয়ে তল্লাশি চালানো হয়। পরে সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
একই দিনে বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আরেকটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেয়। টহলদলের কাছাকাছি এলে একটি কাভার্ড ভ্যানকে থামানো হয়।
তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভেতর ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস পাওয়া যায়। তবে মালামাল ও যানবাহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কসমেটিক্সসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: