২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর
Led Bottom Ad

উদ্বোধনী দিনে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন

২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর

প্রথম সিলেট প্রতিবেদন

২১/১২/২০২৫ ২২:৩২:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর। আসরের উদ্বোধন উপলক্ষে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ শুরুর আগে অথবা দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা থাকতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কারণে প্রথম দিনের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা বিকাল ৩টায় শুরু হবে। এছাড়া দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে।

দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

ছয় দলের অংশগ্রহণে এবারের বিপিএল তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো— সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। সিলেট পর্ব দিয়ে শুরু হওয়া বিপিএল চলবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে।

১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের শেষ পর্ব। এ পর্বে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিপিএল ২০২৫-এর পর্দা নামবে।

এদিকে, সিলেট পর্বের টিকিটের মূল্যও ঘোষণা করেছে বিসিবি। গ্যালারিভেদে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad