ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সুনামগঞ্জের পাঁচ আসনে ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো সুনামগঞ্জের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সুনামগঞ্জ-১ আসন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন।
সুনামগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন প্রার্থী। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত) মো. আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান (তুষার)।
সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত) জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বিএনপি নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত, বিএনপি নেতা মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের প্রার্থী মো. আমিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক।
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মো. সামিউল হক সানি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি , প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারী, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি। সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচনী মাঠ সমান রাখতে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মাদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
এ রহমান
মন্তব্য করুন: