মাধবপুরে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাদারগড়া এলাকা থেকে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মুর্শেদ কামাল (৩৫)। তিনি মাধবপুর থানাধীন মাদারগড়া এলাকার হরমুজ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগড়া গ্রামে মুর্শেদ কামালের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ঘরের খাটের নিচ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় মাদকসহ মুর্শেদ কামালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: