মাধবপুরে বিজিবির অভিযানে সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মাধবপুর ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৩টার দিকে একটি বালি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ট্রাকটির চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: