হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক এমপি
Led Bottom Ad

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক এমপি

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১২/২০২৫ ১৯:০৮:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে কয়েকদিন ধরে এলাকায় গণসংযোগ, মিছিল ও সভার মাধ্যমে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার (রিভিউ) দাবি জানালেও দলীয় কেন্দ্র থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে রোববার বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় নেতা রাসেল আহমদ ও শাহ আজাদ আলী সুমন।

এ ছাড়া একই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এ. মুনিম চৌধুরী বাবু এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় গণমাধ্যম সম্পাদক কাজী তোফায়েল আহমদও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি বলেন, “শেখ সুজাত মিয়া দীর্ঘ ৩০ বছর ধরে দলের জন্য কাজ করেছেন এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করেছেন। কিন্তু দল তাকে যথাযথ মূল্যায়ন করেনি। রিভিউ আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “১৭ বছর ধরে এলাকায় যাকে দেখা যায়নি, তাকে মনোনয়ন দিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অবিচার করা হয়েছে।”

অন্যদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বায়তুল্লাহ মিয়া বলেন, “দীর্ঘ স্বৈরশাসনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হচ্ছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এসব বাধা দূর করা জরুরি।”

এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, “দলের কাছে একাধিকবার রিভিউ আবেদন করেও কোনো সাড়া পাইনি। তৃণমূল নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আশাবাদী, নির্বাচনে বিজয়ী হবো—ইনশাআল্লাহ।”

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, এ পর্যন্ত এ আসনে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জানা গেছে, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad