সুনামগঞ্জে বিএনপির প্রার্থী চূড়ান্ত, মাঠে বাড়ছে নির্বাচনী তৎপরতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এসব মনোনয়ন নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীদের নাম নিশ্চিত হওয়া গেছে। প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্রের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রকাশ করেছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ–১ (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে জেলা বিএনপির নেতা আনিসুল হক মনোনয়ন পেয়েছেন।
সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মোহাম্মদ কয়ছর আহমেদ। সুনামগঞ্জ–৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। এ ছাড়া সুনামগঞ্জ–৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলনকে।
তবে সুনামগঞ্জ–২ (দিরাই ও শাল্লা) আসনে এখনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
জেলা বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে জানান, প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ায় দলীয় বিভ্রান্তি কেটেছে। তাঁরা আশা প্রকাশ করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে সুনামগঞ্জের আসনগুলোতে বিএনপি ভালো ফল করবে।
মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ নতুন করে বাড়তে শুরু করেছে।
প্রীতম দাস
মন্তব্য করুন: