৫৫ বিজিবির অভিযান
মাধবপুরে খড়ের আড়ালে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে খড়ের আড়ালে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি খড়বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গরুর খাবারের খড়ের ভেতরে বিশেষভাবে লুকানো বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৩৭) এবং বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রহমত আলী (৪৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের সময় আরও কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: