শায়েস্তাগঞ্জে ৯৪ হাজার শলাকা নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব। এ সময় দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ এলাকায় ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি যানবাহন থেকে ৯৪ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। গাড়িটি থামানোর পর দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পারনিখলা এলাকার আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল থানাধীন আকিতারা এলাকার মৃত ফারুক আহমদের ছেলে তানভির আহমদ শামীম (৪২)।
র্যাব সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে র্যাব গ্রেপ্তারকৃতদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: