গণতন্ত্রের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ মাধবপুরে
Led Bottom Ad

গণতন্ত্রের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ মাধবপুরে

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৮/১২/২০২৫ ১৭:৪১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুরু হয়েছে বিশেষ প্রচারণা কর্মসূচি ‘ভোটের গাড়ি’। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।


উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, জুলাই–আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে। সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতেই সরকার গণভোট ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিয়েছে।


ইউএনও জানান, আসন্ন গণভোটে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো জুলাই সনদে উল্লিখিত প্রস্তাবনার ভিত্তিতে পরিচালনার কথা বলা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক, জুলাই সনদ বাস্তবায়নে তারা অঙ্গীকারাবদ্ধ থাকবে—এমনটাই জনগণের প্রত্যাশা।


তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার সম্পর্কে এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই ‘ভোটের গাড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলায় পরিচালিত হবে।


অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মোর্শেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার, গণভোটের পদ্ধতি ও পোস্টাল ভোট সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


সন্ধ্যায় শীত উপেক্ষা করে মাধবপুর বাজারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad