চুনারুঘাটে কয়েক হাজার মানুষের ভরসা কাঁচা রাস্তা, দুর্ভোগ চরমে
Led Bottom Ad

চুনারুঘাটে কয়েক হাজার মানুষের ভরসা কাঁচা রাস্তা, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৮/১২/২০২৫ ১৭:৫৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালতলা, পূর্ব পড়াঝার, শ্রীবল্লভপুর, দারগাঁও ও হরিহরপুরসহ অন্তত পাঁচ থেকে সাতটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা একটি কাঁচা রাস্তা। সামান্য অবহেলায় কয়েক শ গজের এই রাস্তাটি এখন এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, উদালতলা গ্রামের পূর্ব পাশে লাগুলিয়া নদীর ওপর একটি সেতু এবং হরিহরপুর এলাকায় এলজিডির পাকা রাস্তার শেষ প্রান্তে পশ্চিম দিকে আরেকটি সেতু রয়েছে। এই দুটি সেতুর মধ্যবর্তী দূরত্ব হেঁটে পার হতে সময় লাগে মাত্র তিন মিনিট। কিন্তু মাঝখানের সংযোগকারী কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে।


এর ফলে পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে যেতে প্রায় ৩০ মিনিট সময় নিচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা-পানিতে পিছলে গিয়ে বই-খাতা নিয়ে শিক্ষার্থীরা প্রায়ই ধানক্ষেতে পড়ে যায়। বৃষ্টির সময় লাগুলিয়া নদীর পাড় ঘেঁষে চলাচল করাটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।


এই দুর্ভোগের প্রভাব পড়ছে কৃষি কাজেও। লাগুলিয়া নদীর দুই তীরে প্রায় ২৫০ থেকে ৩০০ একর আবাদি জমি রয়েছে। সংযোগ সড়ক না থাকায় কৃষকদের ধান ঘরে তোলা কিংবা জমিতে সার ও কৃষি উপকরণ পৌঁছাতে মারাত্মক কষ্ট পোহাতে হচ্ছে। এতে স্থানীয় কৃষি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান কৃষকেরা।


পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। নির্বাচন এলেই এই কর্দমাক্ত রাস্তা দিয়ে ভোটকেন্দ্রে যেতে বৃদ্ধ, নারীসহ সাধারণ ভোটারদের চরম ভোগান্তি পোহাতে হয়।


এলাকার শিক্ষার্থী, কৃষক ও সচেতন নাগরিকরা জানান, মাত্র কয়েক শ গজ এই রাস্তাটি সংস্কার বা পাকা করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তাঁরা দ্রুত এই সংযোগ সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad