বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল
‘আজীবন মাধবপুর-চুনারুঘাটবাসীর সেবায় থাকতে চাই’
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, “আজীবন তিনি মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যা বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রোববার দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা নির্বিশেষে সব নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।” নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, “তারেক রহমানের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের মানুষ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল বাংলাদেশ দেখতে চায়।”
তিনি আরও বলেন, তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, পরিচালক সৈয়দ মো. হুমায়ুন, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ রহমান
মন্তব্য করুন: