সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়ন দাখিল
Led Bottom Ad

সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/১২/২০২৫ ১৬:৩৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান জয়নুল জাকেরীন। তিনি মরমি কবি হাছন রাজার প্রপৌত্র এবং জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।

সোমবার (আজ) সকাল ১১টায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর ছোট ভাই দেওয়ান গণিউল সালাদীনসহ কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন।

দেওয়ান জয়নুল জাকেরীন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারবারের এবং সুনামগঞ্জ পৌরসভার একবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে সুনামগঞ্জ-৪ আসনে এবার বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নূরুল ইসলাম। তিনি ছাত্রদল থেকে রাজনীতিতে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেওয়ান জয়নুল জাকেরীন সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি দলের সঙ্গে যুক্ত। আমার একাধিকবার নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্থানীয় অনেক কর্মী-সমর্থক ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের দাবি ও উৎসাহেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।’

এই আসনে অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন— জামায়াতে ইসলামীর জেলা কমিটির নায়েবে আমির মোহাম্মদ শামস উদদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি শহীদুল ইসলাম পলাশী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আজিজুল হক।

সব মিলিয়ে সুনামগঞ্জ-৪ আসনে এবার নির্বাচন বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad