খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চুনারুঘাটে একজনকে গণপিটুনি
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে মাওলানা মুখলিছুর রহমান ওরফে ‘চিতল মুখলিছ’ নামের একজন গণপিটুনির শিকার হয়েছেন। পরে প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে চুনারুঘাট পৌর শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে থানার গেট এলাকায় দাঁড়িয়ে মাওলানা মুখলিছুর রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাঁকে ধরে মারধর করে। পরে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যুবদল নেতা সাদ্দাম হোসেন বলেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনতা ক্ষুব্ধ হয়ে তাঁকে আটক করে।”
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ জানান, আপত্তিকর বক্তব্যের কারণে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে, পরে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
তবে অভিযুক্ত মাওলানা মুখলিছুর রহমান তাঁর ফেসবুক পেইজের এক ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার করে জানান তিনি ষড়যন্ত্রের স্বীকার।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে পুলিশের পৌঁছানোর আগেই বিষয়টি মীমাংসা হয়ে যায়।
এ রহমান
মন্তব্য করুন: