সুনামগঞ্জের পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জানা যায়, জেলার পাঁচটি আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সুনামগঞ্জ–১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ–২ আসনে প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির নাসির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ–৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমেত এবং প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খান ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামায়াতের ইয়াসিন খান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা বাসা চৌধুরী এবং শেখ মুশতাক আহমদ।
সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জামায়াতের অ্যাডভোকেট শামস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, খেলাফত মজলিসের মো. আজিজুল হক, জাতীয় পার্টির নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম।
সুনামগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির কলিম উদ্দিন মিলন, জামায়াতের আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব মনোনয়নপত্রে আইনগত ত্রুটি, তথ্যগত অসঙ্গতি কিংবা প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে, সেগুলো নির্বাচন বিধিমালা অনুযায়ী বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
এ রহমান
মন্তব্য করুন: