হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দাখিল করা ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয়েছে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র।
শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। স্ট্যাম্পে হলফনামা দাখিল না করা ও স্বাক্ষর না থাকায় বাসদ মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়ন বাতিল করা হয়।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ছয়জনের মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ হয়। ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ, হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে বাসদ প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন ও অঙ্গীকারনামার ত্রুটির কারণে খেলাফত মজলিস প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়ন বাতিল করা হয়।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে সাতজন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আবেদনপত্রে ত্রুটি, স্বাক্ষরের ঘাটতি ও আয়কর রিটার্ন না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১০ জনের মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নে গড়মিলসহ বিভিন্ন ত্রুটির কারণে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসার জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
এ রহমান
মন্তব্য করুন: