আটকের ১৪ ঘণ্টা পর আদালত থেকে জামিন পেলেন সেই মাহদী হাসান
Led Bottom Ad

আটকের ১৪ ঘণ্টা পর আদালত থেকে জামিন পেলেন সেই মাহদী হাসান

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/০১/২০২৬ ১২:৩১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে আটকের প্রায় ১৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। রোববার (৪ জানুয়ারি) সকালে তাঁকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।


আদালত সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় মাহদী হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলায় পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।


এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহদী হাসানকে আটক করা হয়। আটকের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তাঁরা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ রোববার সকালে তাঁকে আদালতে নেওয়া হয়।


হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়েছে এবং শুনানি শেষে আদালত তাঁকে জামিন দিয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নেয় পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।


এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন। ওই সময় তাঁদের সঙ্গে পুলিশের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই মাহদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।


আদালতে হাজিরের সময় ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। জামিন মঞ্জুরের পর তাঁরা সন্তোষ প্রকাশ করেন।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad