লাখাইয়ে জুনাইদ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামে পারিবারিক কলহের জেরে জুনাইদ মিয়া (২৫) হত্যাকাণ্ডের প্রধান আসামি ওবায়দুল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আধুনিক প্রযুক্তি ও র্যাব-৯-এর সহায়তায় ঘাতক ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এসআই মো. নুরুল ইসলাম মোল্লা ও সঙ্গীয় ফোর্স র্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর সহায়তায় হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযুক্ত ওবায়দুলকে আটক করা হয়। ওবায়দুল ওই গ্রামের আবুল খায়েরের ছেলে এবং নিহত জুনাইদের আপন ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে জুনাইদের সাথে তাঁর বাবা, মা ও ছোট ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে জুনাইদকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে প্রচণ্ড মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট বা ঢাকা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই রাতেই হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জুনাইদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, ‘অপরাধ করে কেউ পার পাবে না। জুনাইদ হত্যার খবর পাওয়ার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
ডি আর ডি
মন্তব্য করুন: