অবৈধ মাটি–বালু উত্তোলন
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড, ট্রাক্টর ও ভ্যাকু মেশিন জব্দ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকার সুযোগে অবৈধ মাটি ও বালু উত্তোলনকারী একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এতে গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে—এমন অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার বিকেলে মিরাশী ইউনিয়নের পূর্ব পীরেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৩টি ট্রাক্টর ও ১টি ভ্যাকু মেশিন জব্দ করা হয়।
এ ছাড়া ২ নম্বর আহমদাবাদ ইউনিয়নের গংগানগর এলাকা থেকে অবৈধ মাটি ও বালু উত্তোলনের সময় মো. লিটন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অভিযান শেষে তিনি বলেন, “চুনারুঘাটে অবৈধ মাটি ও বালু উত্তোলনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে। এসব অবৈধ কার্যক্রম রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, অবৈধ উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি ও প্রশাসনের কঠোর পদক্ষেপ থাকলে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে।
এ রহমান
মন্তব্য করুন: