হবিগঞ্জে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ১ লাখ ২৩ হাজার হেক্টর
হাওর-বাওড় খ্যাত বানিয়াচংসহ হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় চলতি বোরো মৌসুমে মোট ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে তিন ধরনের বোরো ধান আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এসব জমির জন্য ৫ হাজার ৬৫২ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। প্রস্তুত চারাগুলো এখন মূল জমিতে রোপণ করছেন কৃষকরা। হাওর এলাকায় ভোর থেকেই চারা উত্তোলন ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেক স্থানে ট্রেতে বীজতলা তৈরি ও রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চারা রোপণ হচ্ছে।
চলতি মৌসুমে বানিয়াচং উপজেলায় ১৫ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় হাইব্রিড ধান আবাদ হবে ৫০ হাজার ৮৮৫ হেক্টর, উফশী ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৫০ হেক্টর জমিতে।
কৃষি বিভাগের হিসাবে, হাইব্রিড ধানে হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৮ টন, উফশীতে ৬ দশমিক ৯৩ টন এবং স্থানীয় জাতে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে জেলায় ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন চাল উৎপাদন হতে পারে, যা ধানের হিসাবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টন।
হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান বলেন, জেলার হাওর এলাকায় বোরো আবাদ পুরোদমে চলছে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: