নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী এস. এম. সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস. এম. সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। নোটিশে আগামী ১২ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন এ নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, ইসলামী ফ্রন্টের মনোনীত বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে এস. এম. সরওয়ারের প্রচারণার একটি ভিডিও গত ৬ জানুয়ারি ‘হবিগঞ্জ টোয়েন্টিফোর’ নামক একটি ফেসবুক পেইজে প্রকাশিত হয়। ভিডিওটি কমিটির দৃষ্টিগোচর হলে প্রাথমিকভাবে এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের শামিল বলে প্রতীয়মান হয়।
এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: