হবিগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান আলীর নামে ৩৭ মামলা, সম্পদ সীমিত
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলীর নামে মোট ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে রয়েছেন। বাকি মামলাগুলোর কোনোটি প্রত্যাহার হয়েছে, কোনোটি থেকে অব্যাহতি পেয়েছেন এবং কিছু মামলায় তিনি খালাস লাভ করেছেন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় উল্লেখ করা হয়, শাহজাহান আলী পেশায় স্বকর্মজীবী এবং তার স্ত্রী একজন শিক্ষক। স্ত্রীর নামে ১৮ ভরি সোনা ছাড়া অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ নেই। শাহজাহান আলীর নিজের নামেও সম্পদের পরিমাণ খুবই সীমিত।
হলফনামায় তিনি আরও জানান, কৃষিখাত, ব্যবসা কিংবা বাড়িভাড়া থেকে তার কোনো আয় নেই। তবে শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে বছরে আয় দেখানো হয়েছে ৫ লাখ টাকা। চাকরি থেকে বার্ষিক আয় ৩ লাখ ২০ হাজার টাকা এবং ব্যাংক মুনাফা হিসেবে তিনি বছরে পান ৮৮৫ টাকা।
অস্থাবর সম্পত্তির বিবরণে দেখা যায়, তার কাছে নগদ অর্থ রয়েছে ২১ লাখ ৩৮ হাজার ৬৭৬ টাকা। ইসলামী ব্যাংক সিলেট শাখায় জমা আছে ৬১ হাজার ৯৮৫ টাকা এবং আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৩০ হাজার টাকা।
স্থাবর সম্পত্তি হিসেবে শাহজাহান আলীর নামে রয়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ কৃষিজমি। জমিটির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৭৪ টাকা। তবে বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়েছে কমে গিয়ে ৮৬ হাজার ৬০০ টাকা।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, মামলার সংখ্যা বেশি হলেও সম্পদ ও আয়ের দিক থেকে জামায়াত প্রার্থী মো. শাহজাহান আলীর আর্থিক অবস্থান তুলনামূলকভাবে সীমিত বলে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: