দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, উদ্বিগ্ন স্থানীয়রা
সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রধান প্রবেশদ্বার দিরাই বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই এলাকাটিতে প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
সরেজমিনে বাসস্ট্যান্ড ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, দিন-রাত মানুষের ব্যস্ত যাতায়াতের এই এলাকায় কয়েকটি আবাসিক হোটেল ও ভাড়াকৃত ঘরকে কেন্দ্র করে সন্দেহজনক তৎপরতা চলছে। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে রাতের বেলায় এসব কর্মকাণ্ড বেশি চোখে পড়লেও বর্তমানে তা দিনের মধ্যেও সীমাবদ্ধ থাকছে না।
এলাকাবাসীর মতে, এসব কর্মকাণ্ডের সঙ্গে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতার যোগসূত্র থাকতে পারে। ফলে এলাকায় চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো ঘটনার আশঙ্কা বাড়ছে। এতে নারী পথচারী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বলে জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, “বিষয়টি নতুন নয়। অনেক দিন ধরেই চলছে। কিন্তু সামাজিক বিব্রতবোধের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে চান না।”
যদিও বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা যায়, তবে নির্দিষ্ট স্পটগুলোতে কেন কার্যকর অভিযান হচ্ছে না—সে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, দিরাই থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকাকে নিরাপদ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে ফিরিয়ে আনা হোক।
প্রীতম দাস
মন্তব্য করুন: