নবীগঞ্জে শোকসভায় ড. রেজা কিবরিয়া
‘খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি, জীবন দিয়েছেন’
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, মানুষের বিপদের সময় দুটি পথ থাকে—একটি রুখে দাঁড়ানো, আরেকটি পালিয়ে যাওয়া। শেখ হাসিনা কোন পথ বেছে নিয়েছেন তা সবাই জানে। কিন্তু আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি দেশ ছেড়ে পালাননি, জীবন দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদল আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়েছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর মিয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল।
ড. রেজা কিবরিয়া আরও বলেন, বেগম খালেদা জিয়া যুগ যুগান্তরের নেত্রী। হাজার বছর পরও বাংলাদেশ থাকলে তাঁর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তাঁর উত্তরসূরি তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরে দেশের উন্নয়নে রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, সেন্টু ও নোমান নামে দুজন বিএনপি কর্মী তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলের ভেতর থেকেই অভিযোগ দেওয়া অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।
শোকসভায় আরও বক্তব্য দেন ছাত্রনেতা নাবেদ মিয়া, যুবনেতা সাইফুল ইসলাম বাবু ও সোয়াদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ রহমান
মন্তব্য করুন: