ঘাতকদের ফাঁসির দাবি
সুনামগঞ্জে গৃহবধু সুমি দাশকে হত্যার অভিযোগ, বিচার দাবিতে নবীগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জে গৃহবধু সুমি দাশ চৌধুরীকে হত্যার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নবীগঞ্জ শহরের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নিহত সুমির পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, ছাত্রনেতা ও সাংবাদিক তৌহিদ চৌধুরী, রায় মোহন পুরকায়স্থ, পিকু দাশ, সুমন দাশ এবং নিহত সুমির ভাই সাংবাদিক মিল্টন দাশ জয় প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় শ্বশুরবাড়িতে স্বামী কিশাল শেখর দাশ, শ্বশুর কুলেন্দ্র শেখর দাশ ও শাশুড়ি রিপা রানী দাশ মিলে গৃহবধু সুমি দাশকে শ্বাসরোধ করে হত্যা করেন। স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সুমির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল বলেও তারা দাবি করেন।
নিহত সুমি দাশ চৌধুরী নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের ধনরঞ্জন চৌধুরীর মেয়ে। ভালোবেসে বিয়ে হলেও বিয়ের কয়েক মাসের মধ্যেই তার দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে বলে অভিযোগ পরিবারের।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার হলেও শ্বশুর ও শাশুড়ি এখনও পলাতক। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, এ ঘটনায় নিহতের মা সুনামগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ স্বামী কিশাল শেখর দাশকে গ্রেপ্তার করে। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: