সিলেটে তারেক রহমানের সফর ২১ জানুয়ারি, পরদিন শুরু নির্বাচনী প্রচার
Led Bottom Ad

সিলেটে তারেক রহমানের সফর ২১ জানুয়ারি, পরদিন শুরু নির্বাচনী প্রচার

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০১/২০২৬ ১৩:২২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারিত হয়েছে। আগামী ২১ জানুয়ারি রাতে তিনি আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তিনি।


সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ‘প্রথম সিলেট’ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরাও অংশ নেবেন।


দলীয় সূত্র জানায়, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও প্রচারণা শুরু করছে বিএনপি।


নির্বাচন তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।


বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মাধ্যমেই তিনি সরাসরি নির্বাচনী মাঠে নামছেন।


দলীয় সূত্রে আরও জানা গেছে, ২২ জানুয়ারি বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে প্রধান জনসভা। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন।


জনসভা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি পৃথক জনসভায় তিনি বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।


এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেটে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগম ঘটাতে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় নগরের লামাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad