হবিগঞ্জ-৪ আসনে কোটিপতি তাহেরীর স্ত্রীর নামে নেই কিছুই
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীর ঘোষিত মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে তার স্ত্রী কিংবা নির্ভরশীলদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই বলে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
হলফনামা অনুযায়ী, গিয়াস উদ্দিন তাহেরী পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। তিনি উল্লেখ করেছেন, পরিবারের সব সম্পদ নিজের নামে এবং স্ত্রীর নামে কোনো নগদ অর্থ, স্বর্ণালংকার কিংবা অন্য কোনো সম্পদ নেই। এমনকি স্ত্রীর নামে কোনো গহনাও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
তাহেরীর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি ও ব্যাংক আমানতের সুদ। হলফনামায় তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে তার বাৎসরিক আয় ২৬ হাজার ৪শ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা। তার নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া নিজের নামে ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ হিসাবে তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে তার নামে কৃষিজমি রয়েছে, যার ক্রয়মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। সব মিলিয়ে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।
হলফনামায় গিয়াস উদ্দিন তাহেরী আরও উল্লেখ করেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি থাকায় সে সূত্রেই তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মামলার তথ্য সম্পর্কে হলফনামায় বলা হয়েছে, তাহেরীর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে চলমান। প্রতিটি মামলাই দায়ের হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর।
এ রহমান
মন্তব্য করুন: