সুনামগঞ্জে সড়কে দুই হাজার গাছ মরে উজাড়, উদাসীন বন বিভাগের
Led Bottom Ad

সুনামগঞ্জে সড়কে দুই হাজার গাছ মরে উজাড়, উদাসীন বন বিভাগের

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০১/২০২৬ ১৫:০৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-জামালগঞ্জ-সাচনাবাজার সড়ক এবং সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের দুই পাশের অন্তত দুই হাজারের বেশি গাছ মরে গিয়ে উজাড় হয়ে পড়ছে প্রাকৃতিক সবুজ পরিবেশ। গাছ রক্ষায় বন বিভাগের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুনামগঞ্জ শহরের পূর্বদিকে দোয়ারাবাজার এবং দক্ষিণ দিকে সাচনাবাজার যাতায়াতের জন্য ব্যবহৃত এই দুই সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৩৭ কিলোমিটার। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন এসব সড়কের দুই পাশে থাকা গাছগুলোর বয়স প্রায় ২৫ থেকে ৪০ বছর, কোনো কোনো গাছ তার চেয়েও পুরোনো।

সরেজমিনে দেখা যায়, আব্দুজ জহুর সেতু থেকে সাচনাবাজার পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের দুই পাশে একসময় সারি সারি সবুজ গাছ পথচারী ও যাত্রীদের শীতল ছায়া দিত। কিন্তু প্রয়োজনীয় পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চলতি বছরেই এই সড়কের প্রায় সহস্রাধিক গাছ শুকিয়ে মারা গেছে। অনেক গাছ গোড়া থেকে উপড়ে পড়ে আছে কিংবা হেলে পড়েছে সড়কের পাশে।

একই অবস্থা সুনামগঞ্জ-দোয়ারাবাজার ১৮ কিলোমিটার সড়কের। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কের দুই পাশেও অন্তত এক হাজারের বেশি গাছ মারা গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কয়েক হাজার গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে হেলে পড়া বা মরে যাওয়া গাছ রাতের আঁধারে কিছু ব্যক্তি কেটে নিয়ে যাচ্ছে। পরে সেগুলো স’মিলে কাঠে পরিণত করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তদারকি করছে না।

দোয়ারাবাজারের বাসিন্দা আহসান হাবিব বলেন, “সড়কের পাশে মরে যাওয়া গাছগুলোর দিকে তাকালে মনে হয়, এগুলোর কোনো অভিভাবক নেই। গাছ হারালে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য চিরতরে নষ্ট হয়ে যাবে।”

সাচনাবাজারের বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, “এই সবুজ পরিবেশ আর শীতল ছায়া আগামী ৪০ বছরেও ফিরে পাওয়া যাবে না। তাই অবিলম্বে গাছ রক্ষায় উদ্যোগ নেওয়া দরকার।”

সুনামগঞ্জ-সাচনা সড়কের সিএনজি চালক শাহ জামাল বলেন, “গরমের দিনে গাছের ছায়ায় যাত্রীরা স্বস্তি পেতেন। এখন চোখের সামনে গাছগুলো মরে যাচ্ছে।”

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই দুটি গুরুত্বপূর্ণ সড়কের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সেক্রেটারি ফজলুল করিম সাঈদ বলেন, “দীর্ঘদিনের অবহেলায় বহু গাছ মারা গেছে। দুঃখজনক হলেও সত্য, গাছ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।”

এ বিষয়ে সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশে বর্তমানে সড়কের গাছ কর্তন বন্ধ রয়েছে। প্রতি বছর গাছ রোপণ ও কর্তনের কর্মসূচি থাকলেও দলীয় সরকার গঠন হলে রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad