পুলিশের অভিযানে ৩ ট্রাক জব্দ
সুনামগঞ্জের হাওরে রাতের আঁধারে খাস জমির মাটি লুট
সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি লুটের মহোৎসব চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাকে করে মাটি পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে পুলিশের অভিযানে মাটি ভর্তি তিনটি ট্রাক জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইব্রাহিমপুর, গৌরারং ইউনিয়নের রাধানগর, টুকেরবাজার, জগাইরগাঁও ও বাহাদুরপুর এলাকার হাওরগুলো থেকে নিয়মিতভাবে মাটি লুট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে, যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা সরকারি খাস জমি থেকে মাটি কেটে উচ্চমূল্যে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন রাত নামলেই ড্রাম ট্রাক ও ট্রাক্টরের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশের জনপদ। সরকারি জমির মাটি নির্বিচারে কেটে নেওয়ায় একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ ও হাওরের জীববৈচিত্র্য।
গত সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে একাধিক ট্রাক শহরের হাজিপাড়া সড়ক দিয়ে চলাচল করছে। গভীর রাতে ট্রাক চলাচলের ফলে সৃষ্ট বিকট শব্দে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঘুমের ব্যাঘাত ঘটায় এলাকাজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে একই রাতে জেলা এলজিইডি ভবনের বিপরীতে হাওর থেকে লুট করা মাটি দিয়ে একটি ব্যক্তিগত সড়ক নির্মাণ করতে দেখা যায়। সেখানে একাধিক ট্রাকে মাটি ফেলছিল সংশ্লিষ্টরা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা মুখ ঢেকে দ্রুত সরে পড়েন।
মাটি লুটের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে ভিডিও ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পুনরায় যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি জমির মাটি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মাটি লুট ঠেকাতে তৎপরতা দেখিয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে গৌরারং ইউনিয়নের আম্বর পয়েন্ট এলাকা থেকে মাটি ও বালু ভর্তি তিনটি ট্রাক জব্দ করা হয়। এসময় মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকার বিল্লাল মিয়া (২৪) এবং ছাতারকোণা গ্রামের মো. মাসুক মিয়া (২১)।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাটি লুটের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনটি ট্রাক জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ রহমান
মন্তব্য করুন: