জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে হামলা, স্বামী-স্ত্রী আহত
Led Bottom Ad

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে হামলা, স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১৫/০১/২০২৬ ১১:১৪:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বেরী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন বেরী গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী কুসুমমালা বেগম (৩৮)। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।

আহত ফখরুল ইসলাম জানান, দুপুরে তারা দু’জন বাড়ির প্রয়োজনীয় মালামাল কিনতে জগন্নাথপুর বাজারে যাওয়ার পথে পূর্বের একটি মামলা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় মাস্টার ফারুক আহমদ, দবির মিয়া ও সিরাজুল ইসলাম কালার নেতৃত্বে কয়েকজন তাদের মারধর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। পরে হাওরে কাজ করা শ্রমিকরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

অন্যদিকে অভিযুক্ত মাস্টার ফারুক আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, “ফখরুল ইসলাম ও দবির মিয়া আমার চাচাতো ভাই। তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল। এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”

এ বিষয়ে জগন্নাথপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা অবগত। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad