সুনামগঞ্জ-২ : দুই প্রার্থীর ভরসা আওয়ামী লীগের ভোটার
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছেই উত্তপ্ত পরিবেশে। দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রভাবশালী ছিলেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এবারের নির্বাচনে তার পরিবারের কেউ সরাসরি অংশ না নিলেও প্রার্থীরা এখনও তাঁর রাজনৈতিক সমর্থকদের মনোযোগ টানার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু এবং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য টিকেন্দ্র চন্দ্র দাস প্রকাশ্যে জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন। একইভাবে দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াও ঘরোয়া বৈঠকে দেখা গেছে।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ অনেক আওয়ামী লীগ নেতার যোগাযোগ রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কেউ কেউ সরাসরি নাছির উদ্দিন চৌধুরীর সভায় অংশগ্রহণ করছেন। সম্প্রতি বিএনপি প্রার্থী শোকসভা ও উঠান বৈঠকেও দলমত নির্বিশেষে অংশ নেওয়া হয়।
জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের পথসভায়ও নিষ্ক্রিয় কিছু আওয়ামী লীগ নেতার উপস্থিতি চোখে পড়েছে। রাজানগর ইউনিয়নের চকবাজারে ১২ জানুয়ারি অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাপ মিয়া মাইকে বক্তব্য দিয়েছেন এবং স্থানীয় ইউপি সদস্যরাও অংশ নিয়েছেন। গোলাপ মিয়া বলেন, “আমরা সাধারণ ভোটার হিসেবে সেই মূল্যবান ভোট এবং উন্নয়নের চাবি শিশির মনিরের হাতে দিতে চাই।”
স্থানীয়রা মনে করছেন, দিরাই-শাল্লা আসনে রাজনীতির চেয়ে ব্যক্তি ইমেজ বেশি গুরুত্ব পায়। এজন্য বিএনপি ও জামায়াত প্রার্থীরা নিষ্ক্রিয় আওয়ামী লীগের ভোটারদের সমর্থন টানার চেষ্টা চালাচ্ছেন।
দিরাই-শাল্লা আসনে এবারের নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিষ্ক্রিয় আওয়ামী লীগের ভোটাররা গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।
এ রহমান
মন্তব্য করুন: