তাহিরপুরে অবৈধ মাটি কর্তন রোধে মোবাইল কোর্টের অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের বাস্তুসংস্থান ও ভূমি সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন হিজল–করচ বাগ এলাকায় এ অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধ মাটি কর্তনের অভিযোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।
এ সময় ফসল রক্ষা বাঁধের নামে অনুমোদন ছাড়াই হিজল–করচ বাগ এলাকা থেকে মাটি কাটার অভিযোগে ১৬ নম্বর পিআইসির সভাপতি জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়। তিনি অপরাধ স্বীকার করলে সংশ্লিষ্ট আইনে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি কাটা মাটি পুনরায় যথাস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু তাঁর অফিসিয়াল ফেসবুক পোস্টে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এর পরিবেশ, বাস্তুসংস্থান ও ভূমির সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: