ছাতকে হিটস্ট্রোক ও হৃদরোগে মৃত্যু হওয়া সেই নারীর পরিচয় শনাক্ত
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় মৃত্যুবরণকারী সেই নারীর পরিচয় পাওয়া গেছে। মৃত নারীর নাম মোছাঃ মরিয়ম বেগম (৪৫); তিনি ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের মৃত নুর মিয়ার মেয়ে এবং জুনু মিয়ার স্ত্রী।
জানা যায়, গত বৃহস্পতিবার (৮ মে) দুপুরে তিনি স্বামীর বাড়ি শ্রীরামপুর থেকে মেয়ের বিয়ের দাওয়াত দিতে পায়ে হেঁটে বোনের বাড়ি পালপুরের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাকা সড়কে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। উপস্থিত পথচারীরা তাঁর পরিচয় জানার চেষ্টা করলেও অসুস্থতার কারণে তিনি কিছু বলতে পারেননি এবং কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ আঃ রহমান পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা পুলিশকে জানান, মরিয়ম বেগম আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোক করায় তাঁর মৃত্যু হয়েছে; এ ঘটনায় পরিবারের কোনো সন্দেহ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তের আগে মায়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: