ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৫০
Led Bottom Ad

মহাসড়ক অবরোধ

ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৫০

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৫/২০২৬ ২৩:০৭:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু প্রায় এক বছর আগে খিদ্রাকাপন গ্রামের সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছ থেকে একখণ্ড জমি ক্রয় করেন। দীর্ঘদিনেও জমি রেজিস্ট্রি না হওয়ায় বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে মুঠোফোনে বাকবিতণ্ডা হয়। এর জেরে ওইদিন রাতে জাউয়াবাজারে বংকুর ওপর হামলার ঘটনা ঘটলে প্রথম দফা সংঘর্ষের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় বংকুর সমর্থকরা খিদ্রাকাপন গ্রামের লোকমানসহ অন্যদের ওপর পাল্টা হামলা চালালে দ্বিতীয় দফায় উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় জাউয়াবাজার এলাকা এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়লে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েন। ওই সময় সিলেট যাওয়ার পথে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সুজন তালুকদার /এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad