হবিগঞ্জে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের একটি আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ মে) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় বেসরকারি সংস্থা ‘পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা)-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি করেন। আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন অভিযোগটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য দুই আসামি হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’ ও ‘নিজস্ব প্রকল্পবিহীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, এই প্রতিবেদনটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, যার ফলে সংস্থাটির দেশি-বিদেশি দাতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া প্রতিবেদনে প্রধান কার্যালয়ের ছবি সম্পাদনা করে প্রকাশ করারও অভিযোগ আনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জানান, এর আগে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতের আশ্রয় নেওয়া হয়েছে। বর্তমানে ডিবি পুলিশ মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
স্বপন রবি দাশ / এ রহমান
মন্তব্য করুন: